সিরিয়ার সাবেক ফার্স্ট লেডি ও দেশটির বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মা আনিসা মাকলুফ আল-আসাদ মারা গেছেন।
শনিবার দেশটির রাজধানী দামেস্কের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
রোববার আল জাজিরার অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সাবেক এই ফার্স্টলেডি অনেক বছর ধরেই অসুস্থ ছিলেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। ২০১২ সালের আগে চিকিৎসার জন্য প্রায়ই জার্মানিতে যেতেন তিনি।
আনিসার স্বামী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফেজ আল-আসাদ। ১৯৫৭ সালে তাদের বিয়ে হয়। সম্ভ্রান্ত পরিবারের আনিসাকে বিয়ের পর খুব কমই প্রকাশ্যে দেখা গেছে। হাফেজ মারা যান ২০০০ সালে। হাফেজ-আনিসার পাঁচ সন্তানের মধ্যে বাশারসহ তিনজন এখনো বেঁচে আছেন।
