| প্রকাশ: ০৬:১৩:০২ PM, রবিবার, নভেম্বর ২৫, ২০১৮ | |
রাজধানীতে আগামী ২৭ ও ২৮ নভেম্বর দু’দিনব্যাপী রবীন্দ্র উৎসব অনুষ্ঠিত হবে। রবীন্দ্র একাডেমি এই উৎসবের আয়োজন করছে। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ২৭ নভেম্বর বিকেল চারটায় উৎসবের উদ্বোধন করবেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহম্মদ সামাদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রবীন্দ্র একাডেমির সভাপতি আজিজুর রহামান আজিজ।
রবীন্দ্র একাডেমির সাধারণ সম্পাদক শিল্পী বুলবুল মহলানিবশ এই তথ্য জানান। তিনি জানান, উৎসবের দ্বিতীয় দিন ২৮ নভেম্বর প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান।
রবীন্দ্র একাডেমি থেকে জানানো হয়, দুদিনের উৎসবে অনুষ্ঠামালায় রয়েছে বেশ কয়েকটি রবীন্দ্রনাথ বিষয়ক সেমিনার, রবীন্দ্র সংগীত পরিবেশনা, নৃত্যানুষ্ঠানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনী দিবসে রবীন্দ্র সংগীত শিল্পী ফাহমিদা খাতুনকে সম্মাননা প্রদান করা হবে।
দু’দিনের সেমিনারের বিষয়গুলো হচ্ছে, রবীন্দ্রনাথের নাটক, রবীন্দ্রনাথ ও ইংরেজী ভাষা, রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা, মানবতাবাদী কর্মসেবী রবীন্দ্রনাথ এবং বিশ্বশান্তি ও রবীন্দ্রনাথ। বাংলাদেশ ও ভারতের রবীন্দ্র বিশেষজ্ঞরা এই সব সেমিনারে ও আলোচনায় অংশ নেবেন।
শিল্পী বুলবুল মহলানবিশ বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি, বাংলাদেশ ,আমাদের সংস্কৃতি, সাহিত্য, শিল্পের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। কবি চিরকালই নানা সময়ে আমাদের বাঁচার পথ দেখিয়ে যাচ্ছেন তাঁর সৃষ্টিকর্মের মাধ্যমে। প্রতিদিনই আমরা কবিগুরুর কাছ থেকে সাহস সঞ্চয় করি। তার ভাবনা ও দর্শন নতুন প্রজন্মের লোকদের মাঝে তুলে ধরার প্রয়াসেই প্রতিবছর রবীন্দ্র একাডেমি এই উৎসব আয়োজন করে আসছে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |