| প্রকাশ: ১২:৪৮:০১ AM, শনিবার, আগস্ট ২৪, ২০১৯ | |
অন্তুর তো অনেক বুদ্ধি। তাই সে সুন্দর করে ওদের প্রশ্নের উত্তর দিল। বলল, দেখোÑ তোমরা দুজনেই খুব সুন্দর। কিন্তু একজন হলে ফুল। আরেকজন হলে প্রজাপতি। তাই ফুল হলো ফুলের মতো সুন্দর। আর প্রজাপতি হলো প্রজাপতির মতো সুন্দর। দুজনেরই সৌন্দর্য আছে, কিন্তু সেটা আলাদা রকমের
অন্তুর ফুলবাগানে অনেক ফুল আছে। প্রজাপতিও আছে। ফুল সুন্দর। প্রজাপতিও সুন্দর। কেউ কারও চেয়ে কম যায় না। কে বেশি সুন্দর, এটা বলা কঠিন। কিন্তু এ কঠিন কাজটা নিয়ে সেদিন বাগানে বেঁধে গেল এক আজব ঝগড়া।
একটা অপরাজিতা ফুলের সঙ্গে একটা প্রজাপতির বেঁধে গেল তুমুল ঝগড়া। কে আগে ঝগড়া শুরু করেছিল, সেটা বলা মুশকিল। কারণ, শেষের দিকে কেউই স্বীকার করেনি, ঝগড়াটা আসলে কে শুরু করেছিল। কিন্তু সেটা নিয়ে এমন ঝামেলা বেঁধে গেল যে, বলার মতো না।
ফুল বলে, আমি বেশি সুন্দর।
প্রজাপতি বলে, না, আমি বেশি সুন্দর।
ফুল বলে, আমি।
প্রজাপতি বলে, আমি।
আমি আমি আমি আমি..., বলতে বলতে বলতে সেই ঝগড়াটা চলতেই থাকল।
সকাল পার হয়ে দুপুর হলো। দুপুর পার হয়ে বিকাল চলে এলো। তাও ঝগড়াটা চলতেই থাকল। কেউ কাউকে এতটুকু ছাড় দিতে রাজি নয়।
সকালের দিকে টিয়ে পাখি এসে ঝগড়াটা থামাতে চাইল। ঝগড়া তো থামলই না। উল্টো তখন ফুল আর প্রজাপতি দুজনে মিলে টিয়ে পাখিটার সঙ্গে ঝগড়া শুরু করে দিল। ওদের দুজনের বকা খেয়ে টিয়ে পাখিটা যে কোথায় উড়ে পালাল! সারাদিন সে আর বাগানে ফিরলই না।
তারপর একটা কাঁকড়া চেষ্টা করল ওদের ঝগড়া থামানোর। কোনো ফল হলো না। বরং দেখতে কুৎসিত বলে কাঁকড়াটাই ওদের বকা খেল। কাঁকড়াটা অবশ্য খুব ভদ্র আর ভালো। একটুও রাগ করল না। শান্ত ভঙ্গিতে বললÑ দেখো, আমি কুৎসিত দেখতে, সেটা মেনে নিলাম। কিন্তু তোমরা দুজনেই আমার চেয়ে বেশি সুন্দর, সেটা ভেবেই না হয় ঝগড়াটা এবার বন্ধ করো।
এ কথাতেই কোনো কাজ হলো না। ফুল আর প্রজাপতি দুজনেই গলা চড়িয়ে বলল, আমরা তোমার চেয়ে বেশি সুন্দর সেটা আমরা ভালো করেই জানি। কিন্তু কে বেশি সুন্দর, সেটা যদি বলতে পারো তো বলো। না হলে দূর হয়ে যাও।
বেচারা কাঁকড়া আর কী করে। আস্তে আস্তে সেখান থেকে চলে গেল।
তারপর আবার শুরু হলো ঝগড়া। এ করতে করতে বিকাল পার হয়ে সন্ধ্যা চলে এলো।
অন্তু সারাদিন বাইরে ছিল। সন্ধ্যায় বাগানে ফিরে দেখে এ অবস্থা। ফুল আর প্রজাপতি তখন অন্তুর কাছেই জানতে চাইল, কে বেশি সুন্দর?
অন্তুর তো অনেক বুদ্ধি। তাই সে সুন্দর করে ওদের প্রশ্নের উত্তর দিল। বলল, দেখোÑ তোমরা দুজনেই খুব সুন্দর। কিন্তু একজন হলে ফুল। আরেকজন হলে প্রজাপতি। তাই ফুল হলো ফুলের মতো সুন্দর। আর প্রজাপতি হলো প্রজাপতির মতো সুন্দর। দুজনেরই সৌন্দর্য আছে, কিন্তু সেটা আলাদা রকমের।
অন্তুর কথা শুনে সেদিনকার মতো বন্ধ হলো ফুল আর প্রজাপতির ঝগড়া।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |