logo
প্রকাশ: ০৭:৫০:২৭ PM, মঙ্গলবার, ফেব্রুয়ারী ৪, ২০২০
আরও একবার ইনজুরিতে নেইমার
অনলাইন ডেস্ক

আবারও হেডলাইনে নেইমার। চ্যাম্পিয়ন্স লিগ নকআউট ম্যাচের আগে আরও একবার ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান সেনসেশন। আজ রাত ২টায় নতের বিপক্ষে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে তাই ওকে পাচ্ছে না পিএসজি। এছাড়া জার্মান বুনদেসলিগায় রাত পৌনে দুইটায় ভের্ডার ব্রেমেনের মাঠে খেলবে বরুশিয়া ডর্টমুন্ড।

দিন দুয়েক আগের কথা। জন্মদিনের উৎসব শেষ করে মপেলিয়ের বিপক্ষে খেলতে মাঠে নেইমার জুনিয়র। নয়া রঙে চুল রাঙিয়েছেন, কোবি ব্রায়ান্টকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। পুরো ম্যাচে খেলেছেনও দারুণ। গোল পাননি, তারপরও পিএসজি ম্যাচ জিতেছে ৫-০ তে।

সর্বনাশটা হয়েছে শেষ দিকে। কড়া চ্যালেঞ্জে খুড়িয়ে খুড়িয়ে মাঠের বাইরে নেইমার। আজকের ম্যাচ তো খেলতে পারবেনই না। সুস্হ হতে সময় লাগবে সপ্তাহ দুয়েকের বেশি। ডর্টমুন্ডের বিপক্ষে ১৯ তারিখ চ্যাম্পিয়ন্স লিগ নকআউটের প্রথম ম্যাচটা খেলতে পারবেন না। পরের লেগে খেলা নিয়েও আছে শংকা।

ওসব ভুলেই আজ নতের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। নেইমার ছাড়াও দলের আরও দুই ব্রাজিলিয়ান থিয়াগো সিলভা আর মারকুইনহোস ইনজুরিতে। থাকছেন না হুয়ান বার্নাতও। তবে, খুব একটা সমস্যা হওয়ার কথা না। ২২ ম্যাচ শেষে দুইয়ে থাকা মার্শেইয়ের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে পিএসজি টেবিলটপ। মিড টেবিলের দল নতে না, পিএসজির সব ভাবনা তাই চ্যাম্পিয়ন্স লিগে নেইমারকে পাওয়া না পাওয়া নিয়ে।

কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। নেইমার না খেললে বরুশিয়া ডর্টমুন্ডের খুশি হওয়ারই কথা। তবে, সে পরের বিষয়। আজ মাঠে নামছে ওরাও। লড়াই ভের্ডার ব্রেমেনের সাথে। খেলাটা পোকাল কাপের শেষ ষোলতে। ম্যাচের আগে বরুশিয়ানরা নির্ভার। দলে নাই ইনজুরি সমস্যা। এছাড়া অভিষেকের পর ৩ ম্যাচে ৭ গোল করা হ্যালান্ডের সাথে সাঞ্চো-রয়েসদের নিয়ে সুপার ফর্মে আছে ব্ল্যাক এন্ড ইয়োলো শিবির।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]