logo
প্রকাশ: ০১:২৭:২৫ PM, সোমবার, ফেব্রুয়ারী ১০, ২০২০
সাদাপোশাকে পাকিস্তানের বিপক্ষে লজ্জার হার
অনলাইন ডেস্ক

আকবর আলীদের হাত ধরে প্রথম বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। দেশের ক্রিকেট ভক্তরা ওই জয় নিয়েই মেতে আছেন। তাদের জয় কাব্যে মন সবার। ওদিকে রাওয়ালপিন্ডি টেস্টে জীর্ণ দশা বাংলাদেশ জাতীয় দলের। লেখা হচ্ছে তাদের মৃত্যুগাথা। বোলিংয়ে শেষটায় ভালো করে, ব্যাটিংয়ের ভালো শুরু পেয়েও পিন্ডি টেস্টে পাকিস্তানের কাছে ইনিংস ও ৪৪ রানে হেরেছে মুমিনুলরা।

বাংলাদেশ টেস্ট দলে মুমিনুল হকের শুরুটা হয়েছিল দুর্দান্ত। টেস্টে দেশের সেরা ব্যাটসম্যান হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু মুমিনুলের নেতৃত্বের শুরুটা হলো উল্টো রথে। সাকিবের নিষেধাজ্ঞায় টেস্ট নেতৃত্ব ঘাড়ে চাপে তার। নেতৃত্বের তিন টেস্টে হয় তামিম নয়তো মুশফিককে না পাওয়া মুমিনুল এবং তার দল তাই বিবর্ণ । ভারতের মাটিতে দুই টেস্টে ইনিংস ব্যবধান হারের পর পিন্ডিতেও লেখা হলো একই ফল।

রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন ঘটনাবহুল। প্রথম দিন দুর্দান্ত ব্যাটিং করা পাকিস্তানকে ৪৪৫ রানে থামায় বাংলাদেশ। স্বাগতিকরা পায় ২১২ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তামিম-সাইফ ফিরে গেলেও মুমিনুল হক-নাজমুল শান্ত গুছিয়ে নিয়েছিলেন।

পিন্ডি টেস্টে বাংলাদেশের ভাগ্যে হার লেখা হয়ে গিয়েছিল আগেই। কিন্তু তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল ইনিংস হার এড়ানো হবে সময়ের ব্যাপার। কিন্তু পড়ন্ত বেলায় নাসিম শাহর এক হ্যাটট্রিকে এলোমেলো হয়ে যায় বাংলাদেশ। শূন্য করে ফিরে যান তাইজুল, মাহমুদুল্লাহ এবং মিঠুন। তার আগে ৩৮ রান করে আউট হন নাজমুল শান্ত। তামিম করেন ৩৪ রান। 

চতুর্থ দিন মুমিনুলদের চ্যালেঞ্জ ছিল ইনিংস পরাজয় এড়ানো। কিন্তু সকালেই ৪১ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক মুমিনুল। পরে লিটন দাসের ব্যাট থেকে আসে ২৯ রান। দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ দল। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ দল তুলেছিল ২৩৩ রান। ওই ইনিংসেও মুমিনুল (৩০), নাজমুল শান্ত (৪৪), মিঠুনরা (৬৩) সেট হয়ে উইকেট বিলিয়ে সাজঘরে ফেরেন। দ্বিতীয় ইনিংসেও দেখা গেল একই বাংলাদেশকে।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করে পাকিস্তানের বাবর আযম ১৪৩ রান করেন। শান মাসুদ খেলেন একশ' রানের ইনিংস। এছাড়া আসাদ শফিক ৬৫ এবং হারিস সোহেল ৭৫ রান করেন। পাকিস্তানের ১৬ বছর বয়সী পেসার নাসিম শাহ দ্বিতীয় ইনিংসে চার উইকেটসহ পাঁচ উইকেট নিয়েছেন। শাহিন আফ্রিদি প্রথম ইনিংসে চার উইকেট এবং দ্বিতীয় ইনিংসে নেন এক উইকেট। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান লেগ স্পিনার ইয়াসির শাহ নেন চারটি উইকেট। বাংলাদেশের হয়ে আবু জায়েদ ও রুবেল হোসেন তিনটি করে উইকেট নেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]