| প্রকাশ: ০৭:৫৯:৩১ PM, সোমবার, ফেব্রুয়ারী ২৪, ২০২০ | |
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে হারাতে হলে বাংলাদেশ নারী দলকে ১৪৩ রান করতে হবে। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে ভারত। সোমবার (২৪ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার পার্থে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন।
এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় ভারত। দলীয় ১৬ রানে হারায় ওপেনার তানিয়া ভাটিয়ার উইকেট। এরপর তিনে ব্যাটিংয়ে নামা জেমিমাহ রডরিগেসকে সঙ্গে নিয়ে ব্যাটিং তাণ্ডব চালান অন্য ওপেনার শেফালি ভার্মা। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া ভারতীয় এ ওপেনারকে ক্যাচ তুলতে বাধ্য করেন পান্না ঘোষ।
উইকেটকিপার শামিমা সুলতানা তিনবারের চেষ্টায় ক্যাচটি তালুবন্দি করেন। ৫.৩ ওভারে দলীয় ৫৩ রানে আউট হন শেফালি। তার আগে মাত্র ১৭ বল খেলে ৪টি ছক্কা ও দুটি চারের সাহায্যে ৩৯ রান করে ফেরেন শেফালি। এরপর দলীয় ৭৮ রানে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরকে আউট করেন পান্না ঘোষ।
১১ বলে ৮ রান করে রুমানা আহমেদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ভারতীয় নারী দলের অধিনায়ক। তবে নিয়মিত বিরতিতে উইকেটে হারালেও ইনিংসের শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালান বেদ কৃষ্ণমূর্তি।
তার ১১ বলের অপরাজিত ২০ আর জেমিমাহ রডরিগেস-শেফালি ভার্মাদের ৩৯ ও ৩৪ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে ভারত। বাংলাদেশ দলের হয়ে দুটি করে উইকেট নেন সালমা খাতুন ও পান্না ঘোষ।
সংক্ষিপ্ত স্কোর: ভারত: ২০ ওভারে ১৪২/৬ (শেফালি ৩৯, রডরিগেস ৩৪, কৃষ্ণমূর্তি ২০*; সালমা ২/২৫, পান্না ২/২৫)।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |