logo
প্রকাশ: ০১:২০:০১ PM, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২০
ঋষি কাপুরের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড
অনলাইন ডেস্ক

পরপর জোড়া ধাক্কায় কেঁপে উঠল বলিউড। বুধবার প্রখ্যাত অভিনেতা ইরফান খানের মৃত্যুর পর বৃহস্পতিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন ঋষি কাপুর। শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের এইচ এন এন রিলায়েন্স হাসপাতালে ভর্তি হন প্রবীণ এই অভিনেতা। গতকাল তার বড় ভাই রণধীর কাপুর সংবাদমাধ্যমকে বিষয়টি জানায়।

ঋষি কাপুর দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন। টানা এক বছর নিউইয়র্কে চিকিৎসা শেষে গত বছর তিনি রোগমুক্ত হয়ে মুম্বাই ফেরেন। তবে সংক্রমণ বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন ঋষি। বরেণ্য এই অভিনেতার মৃত্যুর খবর টুইটে প্রথম জানান বলিউডের আরেক মহীরুহ অভিনেতা অমিতাভ বচ্চন। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ বলিউডসহ গোটা দেশ।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটে শোকপ্রকাশ করে লিখেছেন, ‘ইরফান খানের পরেই ঋষি কাপুরের চলে যাওয়া বিরাট ক্ষতির মুখে দাঁড় করালো হিন্দি ছবির দুনিয়াকে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ঋষির অনুরাগীরা তার প্রতিভায় বুঁদ হয়েছিলেন। ভারতীয় সিনে দুনিয়া এবং চলচ্চিত্রপ্রেমীরা তাকে স্মরণ করবেন আজীবন। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে গভীর শোকাহত।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর শোকবার্তায় বলেন, ‘বর্ষীয়ান অভিনেতার আকস্মিক মৃত্যুতে আমি শোকাহত। তিনি শুধুই একজন দুর্দান্ত অভিনেতা নন, একজন ভালো মানুষও ছিলেন। তার পরিবার, বন্ধু, পরিজন এবং অনুরাগীদের প্রতি রইল আন্তরিক সমবেদনা।’

অভিনেতাকে নয়, স্কুলের বন্ধুকে টুইটে স্মরণ করে কংগ্রেস নেতা শশী থারুর লিখেছেন, ‘তার থেকে উঁচু ক্লাসে পড়তেন ঋষি। কিন্তু একই স্কুলের পড়ুয়া হওয়ায় সংখ্যতা ছিল। একাধিকবার তারা স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে, নাটকে অংশ নিয়েছেন। প্রথম ছবি ববি থেকেই কাপুর ঘরানার ঐতিহ্য বহন করেছেন তিনি। আজ তিনি একজন ভালো বন্ধুকে হারালেন।’

এদিকে, গত ফেব্রুয়ারিতে দিল্লিতে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েও অসুস্থ হয়ে পড়েছিলেন ঋষি কাপুর। সেই সময় তড়ঘড়ি তাকে ভর্তি করা হয়েছিল রাজধানীর একটি হাসপাতালে। সেই সময় সংক্রমণের জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি। মুম্বাই ফিরে আসার পর আবার তিনি ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হন হাসপাতালে। তবে বেশিদিন তাকে হাসপাতালে থাকতে হয়নি।

সুস্থ হয়েই তিনি ফিরেছেন তার কাজের দুনিয়ায়। দেখা গেছে নানা অনুষ্ঠানেও। ‘দ্য ইনটার্ন’-এর হিন্দি রিমেকের শুটিং শুরুর কথা ছিল তার। এতে তার বিপরীতে দেখা যেত দীপিকা পাড়ুকোনকে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]