| প্রকাশ: ১০:৪৭:৩০ PM, বৃহস্পতিবার, জুন ৪, ২০২০ | |
মসজিদের ইমাম ও মাদ্রাসার অফিস সহকারী মো: শহিদুল ইসলাম আলাউদ্দিন এর গলায় জুতার মালা পরিয়ে নাজেহাল করার অভিযোগে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মোস্তফা রাঢ়ীকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ।
তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার সন্ধ্যায় মুলাদী পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখা বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে গত বুধবার ইমাম আলাউদ্দিনকে জুতার মালা পরানোর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র তোলপাড় ঘটে।
জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- মেহেন্দীগঞ্জের দড়িচর খাজুরিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী এবং সিকদার বাড়ী জামে মসজিদের ইমাম মোঃ শহিদুল ইসলাম আলাউদ্দিনের মোবাইলে বিকাশের মাধ্যমে উক্ত মাদ্রাসার ছাত্রী কারিমা আক্তারের উপবৃত্তির টাকা আসে। ওই ছাত্রী অনুপস্থিত থাকায় মাদ্রাসা সুপারের নির্দেশে অফিস সহকারী আলাউদ্দিনের মোবাইলে উপবৃত্তির টাকার একাউন্ট খোলা হয়।
গত রমজানে উল্লেখিত ছাত্রীর উপবৃত্তির ১,৬০০ টাকা মোবাইলে এসএমএস আসলে আলাউদ্দিন বিষয়টি মাদ্রাসা সুপারকে অবহিত করেন। এ ঘটনাকে কেন্দ্র করে গত ৩০ মে মাদ্রাসা সুপারের কক্ষে ছাত্রীর পিতা কবির সিকদারের নেতৃত্বে ছত্তার সিকদারসহ আরো ৭-৮ জন মিলে অফিস সহকারী আলাউদ্দিনকে এলোপাতাড়ি মারধর করে তার গায়ে থাকা পাঞ্জাবী ছিঁড়ে ফেলে এবং পাঞ্জাবীর পকেটে থাকা মোবাইল ফোন ও নগদ ৭৮০ টাকা নিয়ে যায়।
ওই ঘটনাকে কেন্দ্র করে বিচার শালিসির নামে গত বুধবার আলাউদ্দিনকে দড়িচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে একটি রুমে আটকে রাখা হয়। পরে চেয়ারম্যান মোস্তফা রাঢ়ী ইমাম আলাউদ্দিনকে দোষী করে জুতা দিয়ে তাকে এলোপাথারী পিটায় তার নিকট ৭০ হাজার টাকা চাঁদা দাবী করে। তবে ইমাম আলাউদ্দিন টাকা দিতে অপারগতা জানালে চেয়ারম্যান মোস্তফা রাঢ়ী, স্থানীয় মোঃ আঃ ছাত্তার সিকদার, ছাত্রীর পিতা মোঃ কবির সিকদার, স্থানীয় মোঃ শহিদ দেওয়ান, মোঃ মাসুদ সিকদার, ইউনুছ বয়াতী, মোঃ মোসলেম সিকদার, মোঃ বজলু আকন, মশিউর রহমান বয়াতীসহ আরও ৪/৫ জন মিলে ইমাম আলাউদ্দিন এর গলায় জুতার মালা পরিয়ে এবং মাথার টুপি খুলে জনসম্মুখে ইউনিয়ন পরিষদের চারদিকে ঘুরায় ভিডিও ধারণ করে। পরে তারা বুধবার সন্ধ্যায় ওই ভিডিও ফেইসবুকে ছেড়ে দেয়।
এ ঘটনায় ইমাম মোঃ শহিদুল ইসলাম আলাউদ্দিন মেহেন্দিগঞ্জ থানায় উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর ওই মামলায় মেহেন্দিগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে মামলার এজাহারভুক্ত আসামী মোঃ বজলু আকনকে গ্রেফতার করা হয়।
পরে বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ নাইমুল হক মোবাইল প্রযুক্তি ব্যবহার করে মামলার মূলহোতা দড়িচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা রাঢ়ী এবং ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ আঃ ছাত্তার সিকদার কে বৃহস্পতিবার সন্ধ্যায় মুলাদী পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |