logo
প্রকাশ: ১০:০৮:১৪ AM, শুক্রবার, জুন ৫, ২০২০
এএসআইয়ের পিটুনিতে যুবকের মৃত্যু!
অনলাইন ডেস্ক

গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার নিখিল তালুকদার (৩২) নামে এক যুবক পুলিশের সহকারী উপপরিদর্শকের (এএসআই) মারধরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, ওই যুবক পড়ে গিয়ে আহত হয়েছিলেন।

গত বুধবার বিকেলে ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যুবরণ করেন নিখিল। মঙ্গলবার আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।

নিখিল উপজেলার রামশীল ইউনিয়নের রামশীল গ্রামের নীলকান্ত তালুকদারে ছেলে। পেশায় কৃষক ছিলেন তিনি।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে রামশীল বাজারের ব্রিজের পূর্ব পাশে এলাকার চারজন বসে তাস খেলছিলেন। তখন কোটালিপাড়া থানার এএসআই শামিম উদ্দিন ভ্যানচালক এক যুবককে নিয়ে সেখানে যান। আড়াল থেকে তিনি মুঠোফোনে তাস খেলার দৃশ্য মুঠোফোনে ধারণ করেন। ওই ব্যক্তিরা বিষয়টি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় অন্য তিনজন পালিয়ে গেলেও নিখিলকে ধরে ফেলেন এএসআই শামিম।

পরিবারের সদস্যরা বলছেন, এরপর নিখিলকে মারধর করতে থাকেন ওই পুলিশ কর্মকর্তা। আহত অবস্থায় স্বজনেরা নিখিলকে প্রথমে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান।

নিখিল তালুকদারের চাচাতো ভাই মিলন তালুকদার বলেন, ‘আমার ভাই তাস খেলেছিল। এ জন্য পুলিশের এএসআই হাঁটু দিয়ে আঘাত করে তার মেরুদণ্ড ভেঙে ফেলেন। সে যদি কোনো অন্যায় করে, তাহলে আইন অনুযায়ী সাজা হতো। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।’

রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন বালা জানান, তিনি শুনেছেন কোটালিপাড়া থানার এএসআই শামিম উদ্দিন হাঁটু দিয়ে তার পিঠে আঘাত করে। এতে তার পিঠের মেরুদণ্ড তিন খণ্ড হয় যায়। যা পরে এক্স-রের মাধ্যমে জানতে পেরেছেন। এটা অত্যন্ত দুঃখজনক।

কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ‘এলাকায় নিখিলসহ বেশ কয়েকজন তাস খেলছিলেন। পুলিশেকে দেখে তিনি দৌড়ে পালানোর সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছিলেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]