logo
প্রকাশ: ০১:১৯:৪১ PM, রবিবার, জুন ৭, ২০২০
ঢাকায় নেওয়া হচ্ছে করোনায় আক্রান্ত বীর বাহাদুরকে
অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে। আজ রোববার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য জানায়।

বান্দরবানের সিভিল সার্জন অংসুইপ্রু মারমা জানান, মন্ত্রী বীর বাহাদুরকে আজ রোববার সকালে হেলিকপ্টারযোগে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার কথা রয়েছে। সেখানে তার চিকিৎসা হবে। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।

তিনি আরও জানান, ৬০ বছর বয়সী বীর বাহাদুর কিছুদিন আগে শ্বাসকষ্টে ভুগছিলেন। তার ডায়বেটিসও রয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় শনিবার তার করোনাভাইরাস পজিটিভ আসে।

এর আগে কয়েকজন সংসদ সদস্যের সংক্রমণ ধরা পড়লেও কোনো মন্ত্রীর আক্রান্ত হওয়ার খবর এটাই প্রথম।

এদিকে, মন্ত্রী বীর বাহাদুর ছাড়াও বান্দরবান জেলায় শনিবার আটজনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে রুমা উপজেলার দুর্গম সুংসংপাড়া ও মেনদুইপাড়ায় তিনজন রয়েছেন। জেলা শহরে পাঁচজন ও নাইক্ষ্যংছড়িতে একজন। জেলায় এ নিয়ে ৪৬ জনের করোনা শনাক্ত হলো। এদের মধ্যে ১৫ জনের করোনামুক্ত হওয়ার প্রতিবেদন আসায় তারা বাড়ি ফিরেছেন।

আওয়ামী লীগ নেতা বীর বাহাদুর ১৯৯১ সালের নির্বাচনে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তির আগে সংলাপ কমিটির একজন সদস্য ছিলেন তিনি। দুই মেয়াদে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা বীর বাহাদুর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদে হুইপের দায়িত্বও পালন করেছেন।

জাতীয় সংসদে ছয়বার বান্দরবানের মানুষের প্রতিনিধিত্ব করা বীর বাহাদুর উশৈসিং ২০১৪ সালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৯ সালে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করলে তাকে ওই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]