পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ও মধুপুরে দুজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে পৃথক এই দুটি ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার ভাঁড়ারা খাঁপাড়া গ্রামের কালু খাঁর ছেলে হুকুম আলী খাঁ (৬৫) ও আতাইকুলা থানার মধুপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে মজনু মিয়া (৪০)। দুটি ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি হুকুম আলীর বাড়িতে গিয়ে তাকে ডাক দেন। এ সময় ঘর থেকে বাইরে বের হওয়া মাত্র তাকে উদ্দেশ্য করে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই হুকুম আলীর মৃত্যু হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ হুকুম আলীর লাশ উদ্ধার করেছে।
তিনি জানান, হুকুম আলীর নাতি রবিউল ইসলামকে মারধরের ঘটনায় গত ৪ জুন থানায় একটি মামলা দায়ের করেন তিনি। সেই মামলার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
অপরদিকে, পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার মধুপুর গ্রামে মজনু মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুল আলম জানান, শুক্রবার রাত ১১টার দিকে গ্রামের একটি চায়ের দোকানে বসে গল্প করে বাড়ি ফিরছিলেন মজনু। পথিমধ্যে পেছন থেকে দুর্বৃত্তরা তাকে ঘাড়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মজনুর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
