রংপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও প্রাক্তন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আসাদুল হককে নির্মমভাবে হত্যার প্রতিবাদ জানিয়েছে আইনজীবী সমিতি। রোববার দুপুরে নগরীর কাচারি বাজার চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে রংপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তব্য দেন- সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিক, রংপুর আইন কলেজের অধ্যক্ষ সাজেদ হোসেন তাতা, সমিতির সদস্য রফিকুল ইসলাম মুকুল প্রমুখ।এতে দ্রুত নৃশংস ওই হত্যাকান্ডের ঘটনার সুষ্ঠু তদন্তসহ জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে বক্তারা বলেন, দিনে দুপুরে আইনজীবী আসাদুল হককে তার বাড়িতে ঢুকে ছুরিকাঘাত ও গলাকেটে হত্যার ঘটনা প্রমাণ করে দেশের আইনজীবীরা সুরক্ষিত নয়। আইনজীবীদের সুরক্ষার প্রয়োজন আছে। একই সাথে এই হত্যাকান্ডে জড়িত রতন মিয়াসহ পলাতক অন্য আসামিদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে আইনজীবী সমিতির সদস্যরা ছাড়াও শিক্ষানবিশ আইনজীবী ও সহায়করা অংশ নেন।উল্লেখ্য শুক্রবার দুপুরে নিজ বাড়িতে চোরের হাতে খুন হন আইনজীবী আসাদুল হক। ওই ঘটনায় গ্রেফতার হওয়া যুবক রতন মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন। চুরি করা দেখে ফেলায় এবং নাম ধরে ডাক দেওয়ায় আইনজীবী আসাদুল হককে গলাকেটে হত্যা করে রতন ও তার সহযোগী।
