গল্পের মতো মনে হলেও সত্যি। মাছও উড়তে পারে। এতদিন নাম শুনলেও অনেকেই হয়তো সেই উড়ুক্কু মাছকে চোখে দেখেননি। ভারতের কলকাতার দিঘা সমুদ্র সৈকতে পর্যটকরা মঙ্গলবার সেই মাছকেই চাক্ষুষ করলেন। তাও ছোটখাটো নয়, একেবারে ১৮৫ কেজি ওজনের বিশাল মাছ! মাছটি প্রায় ১১ ফুট লম্বা।
বিশালাকার এই উড়ুক্কু বা উড়ন্ত মাছ মঙ্গলবার উঠল দিঘা মোহনায় নবকুমার পয়রার আড়তে। ওড়িশার ধামরায় মাঝসমুদ্রে মাছটি ধরেন শঙ্কর গিরি নামে এক মৎস্যজীবী। তিনিই এ দিন এই মাছটি বিক্রি করার জন্য দিঘা মোহনার মাছে বাজারে নিয়ে আসেন।
মূলত শত্রুর আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর জন্য সমুদ্রের জলের উপরে উঠে ডানা মেলে উড়তে থাকে এরা। এই মাছগুলি সর্বোচ্চ ২০ ফুট উচ্চতায় প্রতি ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার গতিতে উড়তে পারে বলে দাবি করেছেন অভিজ্ঞ মৎস্যজীবীরা। এরা একটানা ১৬০ ফুট দূরত্ব পর্যন্ত উড়ে যেতে পারে।
প্রথমে মাছটি সমুদ্রের জলের উপরে মাথা তোলে। এর পরে চোখের পলকে লেজ নাড়িয়ে পাখির মতো উড়তে উড়তে সামনের দিকে এগিয়ে যায়। নীচে নামার সময়ে পাখির মতো ধীরে ধীরে ডানা দুটো ভাঁজ করে সাগরের ভিতরে ঢুকে পড়ে।
বিশ্বজুড়ে প্রায় ৬৪ প্রজাতির উড়ন্ত মাছের খোঁজ পাওয়া গিয়েছে। দিঘা মোহনায় এহেন মাছ দেখে খুশি পর্যটকেরা। ওজন অনুযায়ী মাছটির অবশ্য বেশি দাম ওঠেনি। পনেরো হাজার টাকাতেই মাছটি বিক্রি হয়।
সূত্র : এবেলা
