অনেক স্বপ্ন, ইচ্ছা, আশা নিয়ে দুটো মানুষ বিয়ের পিড়িতে বসেন। কিন্তু বিয়ের কিছুদিন পার না হতেই সব স্বপ্নগুলো কেমন যেন দূরে চলে যায়। যার সবকিছুই আপনার ভাল লাগতো সেই মানুষটাই যেন বদলে যায়।
আপনি সুন্দর করে সাজলেও সঙ্গীর যে প্রশংসা শুনে আপনি অভ্যস্ত তা আর পাচ্ছেন না অথবা আপনার সাফল্যে যেভাবে উচ্ছ্বসিত হতে আপনার স্ত্রী আজকাল আর সেটা দেখতে পাচ্ছেন না।
সত্যিই কি তাই? আপনি নিজে বদলে যাননি তো? আগে সঙ্গীর ছোটখাট কাজেও আপনি মন খোলে প্রশংসা করতেন। আর এখন প্রত্যাশা পূরণ না হলেই অভিমান আর দোষারোপ। একে অপরের প্রতি প্রশংসা, মুগ্ধতা আর কৃতজ্ঞতাই কিন্তু এক সময়ে সম্পর্ক সুন্দর করেছিল। তাই গবেষকরা বলছেন, যদি বিবাহিত সম্পর্ক সুন্দর রাখতে চান তাহলে ধরে রাখুন সেই কৃতজ্ঞতা, মুগ্ধতা। সঙ্গীকে ধন্যবাদ দিন। শুধু ধন্যবাদ নয়, নিজের জায়গা থেকে থেকে সরে এসে সঙ্গীকে বিচার করুন। ধন্যবাদের পাশাপাশি কোনো কারণে সঙ্গীকে আঘাত করে থাকলে দুঃখ প্রকাশও করুন।
মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যালেন বার্টন ৪৬০ জন দম্পতির ওপর এই গবেষণা চালান। সমীক্ষায় দেখা গিয়েছিল যারা সঙ্গীদের ধন্যবাদ জানিয়েছেন তাদের দাম্পত্য জীবন অনেক স্বাভাবিক।
অ্যাটিটিউড অব গ্র্যাটিটিউডের তত্ত্ব জানেন নিশ্চয়ই? অর্থাৎ ভাল কিছুর জন্য যদি আমরা কাউকে ধন্যবাদ জানাই তবে সেই ভাল কাজটা তার কাছ থেকে বারে বারে ফিরে পাই। তেমনই সঙ্গীর ভালবাসা, আপনার প্রতি আস্থা রাখা, ভারসা জোগানো, সময়ে-অসময়ে পাশে থাকার জন্য যদি আপনি কৃতজ্ঞ থাকেন, তাকে আপনার ভালোলাগা, মুগ্ধতার কথা জানান তবে আপনার সম্পর্ক সুন্দর হবেই। ধন্যবাদের গুরুত্ব অনেক। প্রশংসা পেলে মুহূর্তেই মনটা খুশিতে ভরে ওঠে। প্রশংসাকারীর জন্য ভালো কিছু করতে ইচ্ছা করে। এমনটা আপনার নিজের সঙ্গে কত বার হয়েছে? সঙ্গীর সঙ্গেও এমনটা করে দেখুন না এক বার।
