বৃষ্টিভেজা বাতাস বিভোর হাসনাহেনার গন্ধে
হারিকেনের আলোয় নামে জোনাক-জ্বলা সন্ধ্যে।
ঘরের পাশে ঝিঁঝি ডাকে
ব্যাকুল হয়ে খুঁজছে কাকে
আমি তখন শব্দ বুনি মন হারানো ছন্দে
বৃষ্টিভেজা বাতাস বিভোর কদম কেয়ার গন্ধে।
মা মনিটা রসুই ঘরে
আপন মনে রান্না করে
ডেকে বলেন ওরে খোকা, পড়ালেখায় মন দে
রাত্রি বাড়ে অন্ধকারে, কখন গেছে সন্ধ্যে।
দূরে কোথাও থেকে থেকে
শেয়ালগুলো উঠছে ডেকে
চাঁদ ঘুমালো মেঘের কোলে ভেজা হাওয়ার গন্ধে
আমার খাতায় পাতায় পাতায় গোলাপ ফোটে ছন্দে।
