একুশ তুমি মাতাল হাওয়া, বসন্ত ফাগুন;
বাংলা মায়ের অশ্রু ঝরা বুকেরই আগুন।
একুশ তুমি গা জড়ানো দখিনা হাওয়া,
আমার ভাইয়ের রক্তে রাঙানো এ গান গাওয়া,
একুশ তুমি রাঙা পলাশ কৃষ্ণচূড়া, শিমুল;
কুসুম-তোড়া, পাপড়ি-ঝরা স্মৃতিসৌধের কোল।
একুশ তুমি মৌমাছি আর প্রজাপতির নাচ,
শহীদ ভাইয়ের বাঁধানো ছবি, ফ্রেম; স্বচ্ছ কাচ।
একুশ তুমি নতুন কুঁড়ি নতুন কচি পাতা,
শহীদ ভাইয়ের রক্তে রাঙা ইতিহাসের খাতা,
একুশ তুমি আমের ডালে মুকুল ফোটা শাখা,
ভাষা যুদ্ধের লাল রক্তে একুশ তুমি আঁকা।
একুশ তুমি কোয়েলের গান দূরের সবুজ বনে,
সালাম, জব্বার, রফিক, বরকত করিয়ে দাও মনে,
একুশ তুমি লাল শিমুলের তৃষিত পাখির ঝাঁক,
রাষ্ট্রভাষা বাংলা চাই, আন্দোলনের ডাক।
