আমি তো চাই চারিদিকে বাজুক উৎসবমুখর গান
সুন্দর পৃথিবী হতে বিতাড়িত হোক যুদ্ধ নামক শয়তান
যুদ্ধ মানে শোকের সংগীত, যুদ্ধ মানে ধ্বংসস্তূপ
এ দানবীয় উন্মাদনা মানবীয় হৃদয়ে বসায় কোপ।
নিজ শক্তি প্রদর্শনে সকল দেশই বেশ সজাগ
ত্যাগের মহিমা ম্রিয়মাণ, কেউ ছাড়েনা কারো ভাগ
সমর সরঞ্জাম কিংবা কামান মজুত রয়েছে দেশে দেশে
কেউ কেউ রাষ্ট্রীয় মসনদে বসে যুদ্ধ খেলা খেলে বেশ আয়েশে।
অল্প আয়ুর মর্ত্যলোকে কেনো ছুড়ো রণহুঙ্কার
যেখানে মানুষ অকারণে জ্বলে-পুড়ে হয় ছারখার
একাত্তর মনে পড়লে অন্তরে বেজে ওঠে ব্যথার বীণ
এ অন্যায় ধ্বংসযজ্ঞ বাঙালি জাতি ভুলবে না কোনদিন।
মেধা দিয়ে, মনন দিয়ে, করতে পারো হৃদয় জয়
তবে কেনো যুদ্ধপ্রীতি, এ খেলা ভালো নয়
বল প্রয়োগে যে কোনো মৃত্যু, বাতাসে ছড়ায় শোক
প্রভুর কাছে প্রার্থনা করি, রক্তের হোলিখেলা বন্ধ হোক।
