দূর আকাশে আলোর নায়ে চড়ব ফাগুন রাতে
আম্মু তখন বলবে হেসে নিবি আমায় সাথে?
বলব আমি, চড়ব সবাই, চাঁদ তো একার না
আম্মু তুমি অনেক ভালো, পচা রেখার মা।
রেখার মায়ে রোজ মারে যে সহ্য হয় না তার
খেলতে দেয় না, চলতে দেয় না, একা হাড্ডি সার
দেখতে যদি মুখখানি তার ভীষণ রকম করুণ
পড়ালেখা করতে দেয় না বিষয়টা খুব ধরুন।
আমি যখন স্কুলে যাই রোজ তাকিয়ে দেখে
মাটির ওপর স্বপ্নগুলো পাটকাঠিতে লেখে
বুকটা আমার যায় কাঁপিয়ে সরল চোখের পাতা
রেখার জন্য কিনব আমি রঙ পেন্সিল আর খাতা।
