নীল আকাশে ভেসে বেড়াও ওগো মেঘের পরি
জলনাচনের গল্পগুলো তোমার কাছে করি।
দিনের বেলা কাঠফাটা রোদ বৃষ্টি নাচুন রাতে
বৃষ্টি আমার বন্ধু হবে নাচবে আমার সাথে।
কাঠফাটা রোদ কষ্ট বাড়ায় বৃষ্টিতে মন মিষ্টি
সবুজ বরণ রং ছড়াতে দাও না কেন দৃষ্টি!
বৃষ্টি তোমার কান্নাচোখে কেন নামে বন্যা
মিষ্টি মুখে দৃষ্টি মেলো ওগো মেঘের কন্যা।
তুমি কেন এত কাঁদো বলো আমার কাছে
তোমার কান্নায় শহর নদী জলের মাঝে আছে!
কার উত্তাপে তোমার শরীর ঝড়ো হাওয়া বেগ?
ঝর্ণাধারা ঝরাও তুমি অবাধে হও মেঘ।
তুমি আমার বন্ধু হয়ে করবে যখন নাচ
মাটি আমার নরম হবে সবুজ হবে গাছ।
আমার শহর ডুববে না তো নদীর জলে নদী
তুমি আমার বন্ধু হয়ে থেকো নিরবধি।
