বৃষ্টি আসে যখন তখন ব্যাঙ মেলেছে ছাতা,
পানির ভেতর ডুবে তবু জাগিয়ে রাখে মাথা।
ট্যাংরা-পুঁটির মনের ভেতর কেমন খুশি লাগে,
বৃষ্টি এলো এত দিনে কোথায় ছিল আগে!
ভিজছে শিশু ভিজছে কিশোর ভিজছে বকের দল,
কোথার পানি কোথায় আসে পাই না তারই তল।
বৃষ্টি যেন বৃষ্টি না রে বৃষ্টি সবুজ বন,
বৃষ্টি এলে ভিজবো বলে কেমন করে মন।
বৃষ্টি যেন কাঁথার সেলাই বৃষ্টি যেন ফুল,
বৃষ্টি-জলে ভরলো ডোবা ভরলো নদীর কূল।
বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে মেঘের বাড়ি কই,
মেঘের ভেতর আগুন জ্বলে বৃষ্টি যেন খই।
