বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবের একজন তিনি। ১৯৮৬ সালের এই দিনে ময়মনসিংহের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মাহমুদউল্লাহ। ২০০৭ সালের ২৫ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে তারকা এই অলরাউন্ডারের ওয়ানডে অভিষেক হয়।
এ দেশের ক্রিকেটে দারুণ অবদান রেখেও অনেকটা আড়ালে থেকে যান। মাশরাফি-সাকিবদের মতো আলোচনায়ও আসেন না। সেই সাইলেন্ট কিলারের জন্মদিন আজ। মিস্টার কুল খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদকে আলোকিত বাংলাদেশের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি এখন পর্যন্ত ১৮৫টি ওয়ানডে খেলা এ অলরাউন্ডার ৩৩.৮৪ গড়ে রান করেছেন ৩৯৯৪। এর মধ্যে সেঞ্চুরি রয়েছে ৩টি এবং হাফসেঞ্চুরি ২১টি। সর্বোচ্চ রান অপরাজিত ১২৮। আর বল হাতে নিয়েছেন ৭৬ উইকেট। ২০০৯ সালের ৯ জুলাই টেস্টে অভিষেক হয় এই তারকার। এখন পর্যন্ত ৪৮ টেস্ট খেলা এ অলরাউন্ডার ৩২.২২ গড়ে রান করেছেন ২৭৩৯। এর মধ্যে ৪টি সেঞ্চুরি এবং হাফসেঞ্চুরি আছে ১৬টিতে।
সর্বোচ্চ রান ১৪৬। আর বল হাতে নিয়েছেন ৪৩ উইকেট। টি-টুয়েন্টিতে বাংলাদেশের নির্ভরশীল ব্যাটসম্যানদের একজন মাহমুদউল্লাহ। ২৩.৯৫ গড়ে ৮৫টি টি-টুয়েন্টি ম্যাচে করেছেন ১৪৬১ রান। সেঞ্চুরি না থাকলেও ৪টি অর্ধশতক আছে। বল হাতে নিয়েছেন ৩১ উইকেট। জন্মদিনে সাধারণ ভক্ত ও সতীর্থরা শুভেচ্ছাবাণীতে ভাসাচ্ছেন তাকে।
শুধু তাই নয়, খোদ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও এই অভিজ্ঞ অলরাউন্ডারকে শুভেচ্ছা জানিয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজেদের অফিশিয়াল পেজ থেকে একটি ছবি পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়। আইসিসির সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়, ৩১৮ আন্তর্জাতিক ম্যাচ, ৮ হাজার ১৯৪ রান, ১৫০ উইকেট। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার যার রয়েছে ৮ হাজার রান ও ১৫০ উইকেট। শুভ জন্মদিন মাহমুদউল্লাহ রিয়াদ।
