হারের বৃত্ত ভাঙতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে জয় ছাড়া বিকল্প ভাবছেন না টাইগাররা। একমাত্র টেস্টে টস জিতে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। বাংলাদেশ একাদশ সাজিয়েছে দুই পেসার ও দুই স্পিনার নিয়ে। শুরুতেই পেসার আবু জায়েদ রাহী ওপেনার কাসুজাকে ফিরিয়ে শুভসূচনা এনে দিয়েছিলেন। সেই ধাক্কা সামলে আবার ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা।
আজ শনিবার সকাল সাড়ে ৯টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২৫ ওভারে এক উইকেট হারিয়ে ৬৫ রান। ক্রিজে আছেন মাসভাউরে ৩৭ ও আরভিন ১৯ রানে।
ইনিংসের আট ওভারের সময় আবু জায়েদ রাহী ওপেনার কাসুজাকে সাজঘরে পাঠান। তার ব্যাট থেকে আসে ২৪ বলে মাত্র ২ রান। নাঈম হাসানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কাসুজা।
প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে কাসুজা-আরভিন ৫৮ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ে তোলেন। দুই পেসার আবু জায়েদ রাহী-এবাদত হোসেন কৃপণ বোলিং করলেও উইকেটের দেখা পাচ্ছেন না। রাহী এক উইকেট তুলে নিলেও এবাদত এখনো খালি হাতে।
স্পিনার তাইজুল ইসলামকে দুই জিম্বাবুয়ে ব্যাটসম্যান খেলছেন স্বাচ্ছন্দ্যেই। তার চার ওভারে ২২ রান তুলে নেন আরভিন-কাসুজা। অন্য স্পিনার নাঈম হাসান ভালো বোলিং করলেও উইকেটের দেখা পাচ্ছেন না।
