ঢাকা দক্ষিণ সিটি করপরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, বাংলাদেশে কিডনি রোগী ক্রমশই বেড়ে চলেছে। আর এই রোগের জন্য দায়ী হচ্ছে ভেজাল খাদ্য।
বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সাঈদ খোকন বলেন, আমি দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে কঠোরভাবে নির্দেশ দিয়েছি যে এসব ভেজাল খাদ্য যারা উৎপাদন করেন, তারা যত বড় ক্ষমতাবান হোক না কেন, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। অবশ্যই তাদের অপরাধের শাস্তি দিতে হবে। তাদের এই অপরাধের জন্য কারাগারে পাঠাতে হবে।
মেয়র বলেন, রাজধানীতে বর্তমানে শিশুরা নানা কারণে কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। তাই প্রাথমিকভাবেই এই রোগের প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এম আর খান বলেন, পানি শূন্যতার কারণে ডায়রিয়া যেমন হয়, শিশুদের কিডনি রোগের ঝুঁকিও বাড়ে। তবে প্রথম অবস্থাতেই চিহ্নিত করা গেলে সহজেই প্রতিরোধ করা যায়।
অনুষ্ঠানে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক রফিকুল আলমের সভাপতিত্বে ছিলেন, বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর-রশীদ, মহাসচিব অধ্যাপক মোহাম্মদ হানিফ প্রমুখ।
